হৃদয় আহম্মেদ, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে আয়োজিত এক নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, স্বাধীনতার পর থেকে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের শাসনামল দেশবাসী প্রত্যক্ষ করেছে। এখন আর নতুন করে উন্নয়নের ফুলঝুরি শোনার প্রয়োজন নেই।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলার নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামালপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুর রউফ তালুকদারের পক্ষে ভোট প্রার্থনা করতে গিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, “হাতপাখা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে পারলে আখিরাতে আল্লাহ তায়ালা শান্তি দান করবেন।” তিনি দেশ ও ইসলামের স্বার্থে সৎ, যোগ্য ও আল্লাহভীরু প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারগুলোর আমলে প্রকৃত উন্নয়ন কতটা হয়েছে তা জনগণ ভালোভাবেই জানে। তাই মিথ্যা প্রতিশ্রুতি ও আশ্বাসনির্ভর রাজনীতি থেকে বেরিয়ে আসার সময় এসেছে।
ভোটকে একটি আমানত উল্লেখ করে তিনি আরও বলেন, সঠিক জায়গায় ভোট প্রদান করলে তা পরকালে শান্তির উসিলা হতে পারে।
জনসভায় সভাপতিত্ব করেন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রউফ তালুকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মো. নুরুল করিম আকরাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মো. সিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মো. হোসাইন আহমেদ, জামালপুর জেলা শাখার মুফতী মোস্তফা কামাল ও মাওলানা সুলতান মাহমুদ সিরাজী।
এছাড়াও বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বকশীগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা মো. শাহজালাল।




