মুক্তকাল ডেক্স
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের দিয়ে নির্বাচনি স্লোগান দেওয়ানোর অভিযোগে দুই ছাত্রদল নেতাকে তলব করেছেন আদালত।
বিদ্যালয় প্রাঙ্গণে ধানের শীষ প্রতীকের পক্ষে শিশুদের দিয়ে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়।
নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, নির্বাচন এলাকা-২৫ (কুড়িগ্রাম-১), ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এর সদস্য এবং কুড়িগ্রামের সিভিল জজ মুহাম্মদ আয়াজ স্বাক্ষরিত নোটিশে উপজেলা ছাত্রদলের সহসভাপতি মোকাদ্দেছ আলী ও শিলখুড়ী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. শাহজাহানকে আগামী ২৭ জানুয়ারি কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৭০১ ও ৭০২ নম্বর কক্ষে উপস্থিত হয়ে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশটি ২৫ জানুয়ারি জারি করা হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, আদালতের নির্দেশ অনুযায়ী অভিযুক্তদের কাছে সমন পৌঁছে দেওয়ার কার্যক্রম চলছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও শিলখুড়ী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোকাদ্দেছ হোসাইনসহ কয়েকজন ছাত্রদল নেতা বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের লাইনে দাঁড় করিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দিতে বাধ্য করেন।
ভিডিওটি প্রকাশের পর অভিভাবক ও সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এ ঘটনার প্রেক্ষিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু ও সদস্য সচিব মাইদুল হোসাইনের স্বাক্ষরিত এক পত্রে মোকাদ্দেছ হোসাইনকে শিলখুড়ী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে।
বিদ্যালয়ে শিশুদের দিয়ে নির্বাচনি স্লোগান: দুই ছাত্রদল নেতাকে আদালতে তলব




