Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:37 pm
অন্যান্য

দেওয়ানগঞ্জে মৃত দুই শিক্ষক হলেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা

দেওয়ানগঞ্জে  মৃত দুই শিক্ষক হলেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা

Oplus_131072

মো. আবুসাঈদ গালিব, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মৃত দুই শিক্ষককে। বৃহস্পতিবার প্রশিক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়ে দেওয়া চিঠিতে আছে তাদের দুজনের নাম। একজন চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আবদুল করিম ২০২৪ সালের ২ আগস্ট অসুস্থতার কারণে মারা যান এবং অপরজন পোল্যাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান আকা যিনি চার মাস আগে রোড এক্সিডেন্টে মৃত্যুবরণ করেন। বিষয়টি জানাজানির পর এলাকায় সমালোচনার ঝড় বইছে ।

Advertisement

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত চিঠিতে দেখা যায়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৫ জানুয়ারি দেওয়ানগঞ্জ সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল ডিগ্রি কলেজে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নিতে নির্বাচিত সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের নামের তালিকায় মৃত দুজন শিক্ষকের নামই প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকার সবাই এবারের নির্বাচনে জামালপুর-১ আসনে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সুপার মো. শফিউল আলম ও পোল্যাকান্দি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, আবদুল করিম অনেক আগেই মারা গেছেন এবং আতাউর রহমান আকা চার মাস আগে রোড এক্সিডেন্টে মারা গেছে দুজনেই সহকারী শিক্ষক ছিলেন। মৃত্যুর আগে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে তাদের নাম ছিল। সেটাও ২০২৪ সালের আগের তালিকায়। এবার প্রতিষ্ঠান থেকে পাঠানো নতুন তালিকায় তাদের নাম ছিল না। পুরোনো তালিকা দেখে হয়তো সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, কারিগরি ত্রুটির কারণে ওই দুই মৃত শিক্ষকের নাম সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে। 

Advertisement