মুক্তকাল ডেক্স:
বাংলাদেশের নির্বাচন নিয়ে পার্শ্ববর্তী দেশগুলো নিজস্ব বিশ্লেষণ করতে পারে, তবে কোনো ধরনের মতামত দেওয়ার অধিকার তাদের নেই—এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বুধবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ সরকার কোনো ধরনের বহিরাগত হস্তক্ষেপ ছাড়াই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর।
নির্বাচন নিয়ে বৈশ্বিক বা আঞ্চলিক আগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, “পার্শ্ববর্তী দেশগুলো আমাদের নির্বাচন নিয়ে বিশ্লেষণ করতে পারে—এটা তাদের নিজস্ব বিষয়। কিন্তু তারা কোনো মতামত দিতে পারে না। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন এবং একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ প্রক্রিয়া।”
নির্বাচনী পরিবেশ নষ্ট করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ যদি ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তাহলে সরকার তা কঠোরভাবে প্রতিহত করবে। এ বিষয়ে আমরা সম্পূর্ণ প্রস্তুত।”
তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে পরিকল্পিতভাবে নির্বাচন নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যার উদ্দেশ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয় জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের আইনশৃঙ্খলা অবনতির কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে লক্ষ্য করছি, কিছু রাজনৈতিক দল আচরণবিধির সীমা লঙ্ঘন করছে। এই প্রবণতা অব্যাহত থাকলে সরকার আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।”
বাংলাদেশের নির্বাচন নিয়ে মতামত দেওয়ার অধিকার ভারতের নেই: রিজওয়ানা হাসান




