মুক্তকাল ডেক্স:
ঢাকা-৪ আসনে গণসংযোগের সময় জামায়াতে ইসলামীর একদল মহিলা কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার দুপুর আড়াইটার দিকে কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডের ডিপটির গলির কাইল্লা পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
জামায়াত সূত্র জানায়, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে গণসংযোগ চলাকালে জামায়াতের রুকন ও মহিলা নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবি আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে মাথায় সেলাই দিতে হয়।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার বিভাগের দাবি, ঘটনার কিছুক্ষণ আগে বিএনপির ঢাকা-৪ আসনের প্রার্থী তানভীর আহমেদ রবিনের চাচাতো ভাই ও স্থানীয় যুবদল নেতা রমজানের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি জামায়াতের মহিলা কর্মীদের পথরোধ করেন। এ সময় গণসংযোগে বাধা দেওয়া হয় এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জামায়াত নেতারা।
ঢাকা-৪ আসনে গণসংযোগকালে জামায়াতের মহিলা নেত্রীর ওপর হামলার অভিযোগ




