মুক্তকাল ডেক্স :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে নিয়ে একটি মহল পরিকল্পিতভাবে ভুল বোঝানোর চেষ্টা করছে। তিনি বলেন, বাংলাদেশে ৯৫ শতাংশ মানুষ মুসলমান এবং বিএনপি কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। কুরআন-সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন করা হবে না।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র নেপথ্যে সক্রিয় রয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, নিজেদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। নির্বাচনকে ব্যর্থ করার অপচেষ্টা চলছে, তা প্রতিহত করতে সবাইকে সচেতন থাকতে হবে।
নিজের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এটি সম্ভবত আমার শেষ নির্বাচন। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মী ও আলেমদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে বলেন, তিনি দীর্ঘ ছয় বছর কারাবাসের পর মুক্ত হলেও বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন ধর্মীয় আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি : মির্জা ফখরুল
Oplus_131072




