বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় যান সেনাপ্রধান। সেনা প্রধানের সঙ্গে তার সহধর্মিণী ছিলেন। প্রায় ৪০ মিনিট তারা ফিরোজায় অবস্থান করেন।
মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবরের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। শায়রুল জানান, রাত সাড়ে ৮টায় সেনাপ্রধান ম্যাডামের বাসভবনে প্রবেশ করলে মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর তাকে স্বাগত জানান। সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সে দোয়া করেছেন সেনাপ্রধান।
উন্নত চিকিৎসার জন্য আগামী সপ্তাহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে গত ৬ আগস্ট মুক্তির পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা অনেকে ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন।



