স্টাফ রিপোর্টার : জামালপুর শহর
জামালপুরের মেলান্দহ উপজেলা পৌরসভার ফুলছেন্না গ্রামে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানবতার সেবায় নিজেকে নিবেদিত রাখার প্রত্যয়ে এ কর্মসূচির আয়োজন করেন মরহুম ডা. আব্দুল মজিদের সুযোগ্য সন্তান, সমাজসেবক ও শিক্ষানুরাগী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির (জামালপুর শহর শাখা) এবং জামায়াত মনোনীত মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ জিয়াউল কবীর জিন্নাহ।
গত শুক্রবার (১৬ জানুয়ারি) তিনি তাঁর নিজ গ্রামের বাড়িতে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে এলাকার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জিয়াউল কবীর জিন্নাহর বড় ভাই শাহজাহান মিয়া, আবুল কালাম আজাদ, গোলাম মোস্তফা, আরজুদুজ্জামান, তাঁর চাচা ডা. আ. মোমিন, জামায়াতে ইসলামী মনোনীত মেলান্দহ পৌরসভার মেয়র পদপ্রার্থী ও পৌর আমির শরাফত আলী ফারাজী, সেক্রেটারি আ. হাছিব, হাসান মাহমুদসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ শেষে অধ্যক্ষ জিয়াউল কবীর জিন্নাহ তাঁর মরহুম পিতা ডা. আব্দুল মজিদ ও মায়ের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে পরিবারের সকলের জন্য দোয়া প্রার্থনা করেন এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।




