হৃদয় আহম্মেদ শাওন, স্টাফ রিপোর্টার:
জামালপুর শহর ও সদর উপজেলা ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কে জেলা ছাত্রদলের সভাপতির বক্তব্য প্রত্যাখ্যান করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
সোমবার (১৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা ছাত্রদলের সভাপতির একটি প্রেস বিজ্ঞপ্তি প্রচারিত হয়। এতে বলা হয়, কেন্দ্র ঘোষিত ২৪ ডিসেম্বর ২০২৫ সালের জামালপুর শহর ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির বিরুদ্ধে যারা আন্দোলন করছে তারা ছাত্রদলের কেউ নয়।
এ বক্তব্য প্রত্যাখ্যান করে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক ও সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব বলেন, আন্দোলনকারীরাই অতীতে জামালপুরের রাজপথে ছাত্রদলের পতাকা সমুন্নত রেখেছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জামালপুরে নেতৃত্ব দিয়েছেন তারাই।
তারা বলেন, এসব নেতাকর্মী রাজপথের আন্দোলনে অংশ নিতে গিয়ে মামলা, হামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। অনেকেই জেলা ও শহর ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে আন্দোলনে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতারাও যুক্ত রয়েছেন।
নেতৃদ্বয় অভিযোগ করেন, ২৪ জানুয়ারি ঘোষিত আংশিক আহ্বায়ক কমিটি গঠনে ছাত্রদলের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করা হয়নি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের একক ও স্বৈরাচারী সিদ্ধান্তে এ কমিটি গঠন করা হয়েছে বলেও তারা দাবি করেন।
তারা আরও অভিযোগ করেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগের পদধারী ও ৫ আগস্টের পর যুক্ত হওয়া নব্য নেতাকর্মীদের দিয়ে এ কমিটি সাজানো হয়েছে। এর বিরুদ্ধে চলমান শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে তারা জোরালো সমর্থন জানান।
এ বিষয়ে তারা বলেন, জেলা ছাত্রদলের সভাপতির লিখিত বক্তব্যের বিপরীতে অসংখ্য প্রমাণ রয়েছে, যা জামালপুরের স্থানীয় পত্রিকা ও বিএনপির মিডিয়া সেলে সংরক্ষিত রয়েছে। বিষয়টি শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে।




