বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জামালপুর-১ (বকশীগঞ্জ–দেওয়ানগঞ্জ) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী একেএম ফজলুল হক।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে এটি ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়।
সভায় বক্তব্য রাখেন একেএম ফজলুল হক। তিনি বলেন, “গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি সকলের সহযোগিতা কামনা করছি। জনগণের ভোটে যে নির্বাচিত হবে, তাকেই আমরা স্বাগত জানাব। তবে নির্বাচনের নামে যদি কোনো প্রহসন হয়, ইতিহাস কাউকেই ক্ষমা করবে না।”
মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশে নির্বাচনকালীন সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি অনিয়ম ও অসঙ্গতির বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করেন।
এসময় দেওয়ানগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারিছসহ বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকরাও নির্বাচনী পরিবেশ, ভোটারদের প্রত্যাশা ও স্থানীয় বিভিন্ন ইস্যু নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে জাতীয় পার্টির প্রার্থী সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।




