জামালপুরের মাদারগঞ্জে মুসতানির ইন্টারন্যাশনাল একাডেমির দ্বিতীয় শ্রেণির ৩২ জন শিক্ষার্থী পবিত্র কুরআনের সবক গ্রহণ করেছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় মুসতানির ইন্টারন্যাশনাল একাডেমির আয়োজনে এ উপলক্ষে কুরআন সবক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটিতে বর্তমানে মোট শিক্ষার্থী রয়েছে ২৩০ জন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মো. বদিউজ্জামান অলুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. আশরাফ আলী, মো. গোলাম মোস্তফা, মাওলানা ক্বারী মীর সানাউল্লাহ আল সাফী, হাফেজ মো. শামছুদ্দিন (ছাদী), মো. মিজানুর রহমান (রজু), মো. বুলবুল আহমেদ ও মাওলানা মো. করিমুজ্জামান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মো. সাইফুল ইসলাম। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা মো. জাহাঙ্গীর আলম।
প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন, পবিত্র কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, বরং এটি মানবজীবনের পূর্ণাঙ্গ জীবনবিধান। কুরআনের শিক্ষা মানুষের চিন্তা, চরিত্র, নৈতিকতা ও জীবনাচরণকে সুন্দর করে গড়ে তোলে। শৈশব থেকেই শিশুদের কুরআন শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা প্রত্যেক অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব। শুদ্ধভাবে কুরআন পড়া শেখার পাশাপাশি এর অর্থ, শিক্ষা ও আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়নের অভ্যাস গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে হলে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয় প্রয়োজন। কুরআনের আলোয় আলোকিত প্রজন্মই ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশকে সুন্দর পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই শিশুদের কুরআন শিক্ষার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন ও যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পবিত্র কুরআন শিক্ষার যাত্রাকে উৎসাহিত করা হয়। ৩২ জন শিক্ষার্থীর কুরআন সবক গ্রহণকে কেন্দ্র করে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, নৈতিক চরিত্র গঠন এবং দ্বীনি শিক্ষায় সমৃদ্ধি কামনা করা হয়।




