Skip to content
প্রকাশ- November 2, 2026 , 13:37 pm
মাদারগঞ্জ

সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে মাদারগঞ্জে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২৩৭ শিক্ষার্থী

সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে মাদারগঞ্জে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২৩৭ শিক্ষার্থী

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ইসলামিক এডুকেশন সোসাইটি (আইইএস) আয়োজিত জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। এরই অংশ হিসেবে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী উপজেলার বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Advertisement

এবার মাদারগঞ্জ উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ১১৯ জন এবং ছাত্রী ১১৮ জন। তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্রের সার্বিক পরিবেশ সুশৃঙ্খল ও আনন্দঘন ছিল। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও এ আয়োজন ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ইসলামিক এডুকেশন সোসাইটি জামালপুর জেলা শাখার সভাপতি সুলতান মাহমুদ খান বলেন, এমন একটি আয়োজনে অংশগ্রহণ করার জন্য মাদারগঞ্জের আয়োজক, অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি, ভবিষ্যতে এ আয়োজনে আরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু সাইম বলেন, তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যেই এ জাতীয় মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। আনন্দঘন পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

আয়োজক সূত্রে জানা গেছে, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ শতাংশ বৃত্তি পাবে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ট্যালেন্টপুলে এককালীন ১ হাজার ৫০০ টাকা এবং সাধারণ গ্রেডে ১ হাজার টাকা করে প্রদান করা হবে। পাশাপাশি প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দেওয়া হবে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ, আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরির পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে ভূমিকা রাখবে। এ আয়োজন সফল করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।

Advertisement