‘ভিক্ষুকমুক্ত মাদারগঞ্জ গড়ার প্রত্যয়ে’ ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় অসহায় মানুষের মাঝে আয়বর্ধনকারী দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এর অংশ হিসেবে মোসলেমাবাদ এলাকার অসহায় ফজলি বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ফজলি বেগমের হাতে চারটি ছাগল ও শুকনো খাবার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়, উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল অসহায় মানুষকে পুনর্বাসনের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। আয়বর্ধনকারী সামগ্রী পেয়ে ফজলি বেগমের পরিবারও স্বাবলম্বী হওয়ার নতুন সুযোগ পেয়েছে।
স্থানীয়রা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে স্বস্তি ও আশার আলো জ্বালানোর এমন উদ্যোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো ভিক্ষাবৃত্তি ছেড়ে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবেন।
