স্টাফ রিপোর্টার:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরবাদ ইউনিয়নে দীর্ঘদিনের জলাবদ্ধতায় পড়ে থাকা প্রায় পাঁচ হাজার একর ফসলি জমির পানি নিষ্কাশনে খাল খনন শুরু করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার পোল্যাকান্দি এলাকায় নালা খননকাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
স্থানীয় কৃষক ও বাসিন্দারা জানান, পোল্যাকান্দি থেকে নাজিরপুর হয়ে ঝালোরচর পর্যন্ত বিস্তৃত প্রায় পাঁচ হাজার একর ফসলি জমি দীর্ঘ ৮-১০ বছর ধরে জলাবদ্ধ অবস্থায় রয়েছে। পোল্যাকান্দি খালের সঙ্গে ব্রহ্মপুত্র নদের সংযোগকারী নালাটি দীর্ঘদিন ধরে ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। এতে বছরের পর বছর জমিগুলোতে নিয়মিত ফসল চাষ ব্যাহত হয়।
নালা খননের ফলে দ্রুত পানি নিষ্কাশনের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন স্থানীয় কৃষকরা। এতে দীর্ঘদিন অনাবাদি থাকা জমিগুলোতে ধান, ভুট্টা, সরিষা ও পাটসহ বিভিন্ন ফসল চাষের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি এলাকার কৃষকদের আর্থিক ক্ষতিও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নালা খনন উদ্বোধনকালে বাহাদুরবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, “স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের দুর্ভোগ ও জলাবদ্ধতা নিরসনে জনস্বার্থে নালাটি খনন করা হচ্ছে। এর মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা স্বাভাবিক হবে। পাশাপাশি দীর্ঘদিন অনাবাদি থাকা বিশাল এলাকার জমিতে পুনরায় চাষাবাদ শুরু হলে কৃষি উৎপাদনও কয়েক গুণ বাড়বে।”




