জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ২ নম্বর কড়ইচুড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. মিজানুর রহমান (মিজান)-এর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার লালডোবা-ইলশামারী চৌরাস্তা মোড়ে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. মিজানুর রহমান (মিজান), ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এনামুল হক ও মজনু পলান, ইউপি সদস্য ইয়াকুব আলী, ইউনিয়ন যুবদল নেতা মুক্তার হোসেন, অবসরপ্রাপ্ত চাকরিজীবী আবুল হোসেন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মিয়া, সাবেক উপজেলা জাসাস নেতা খালেদ মাহমুদ সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নারী অংশগ্রহণকারীরা।
বক্তারা দাবি করেন, সম্প্রতি দায়ের করা মাদক মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক। তাদের অভিযোগ, চেয়ারম্যান প্রার্থী মো. মিজানুর রহমানকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে এবং জনসমর্থন ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলায় জড়ানো হয়েছে।
তারা আরও বলেন, মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। অবিলম্বে মামলা থেকে মো. মিজানুর রহমানের নাম প্রত্যাহার, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রকৃত দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানান বক্তারা।




