আব্দুর রহিম খান।।
মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে বাসের ধাক্কায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেছ ও তার স্ত্রী মনি রহমান গুরুতর আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে হত্যাচেষ্টার অভিযোগ তুলে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মোখলেছুর রহমান ও তার স্ত্রী সিএনজিযোগে মাদারগঞ্জ থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা হন। পথে দাঁতভাঙা ব্রিজ অতিক্রম করে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র এলাকার কাছে পৌঁছালে পেছন দিক থেকে আসা রাজিব পরিবহনের একটি বাস তাদের বহনকারী সিএনজিকে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ধাক্কার পর বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত মাদারগঞ্জের দিকে চলে যায়।
দুর্ঘটনায় মোখলেছুর রহমানের মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। তার স্ত্রী মনি রহমানও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
এদিকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান খান দাবি করেন, এটি কোনো সাধারণ সড়ক দুর্ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাচেষ্টা। তবে এ অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার প্রতিবাদ, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকাল থেকে মাদারগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা এবং আহতদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।




