Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:00 pm
মুক্তদেশ

ইউপি চেয়ারম্যান পদে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার দাবি, হাইকোর্টে রুল

ইউপি চেয়ারম্যান পদে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার দাবি, হাইকোর্টে রুল

নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান এ বিষয়ে রিট আবেদন করেন

একই সঙ্গে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারায় চেয়ারম্যান প্রার্থীদের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না থাকায়, ওই বিধান কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না—তাও জানতে চেয়েছেন আদালত।

Advertisement

বুধবার (২২ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন।

রুলে সংশ্লিষ্ট বিবাদীদের নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

শুনানি শেষে আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান বলেন, একজন ইউপি চেয়ারম্যানকে গ্রাম আদালত পরিচালনাসহ গুরুত্বপূর্ণ বিচারিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে। গ্রাম আদালতে তিনি তিন লাখ টাকা পর্যন্ত মূল্যমানের মামলা নিষ্পত্তি করতে পারেন। অথচ একই ধরনের বিচারিক দায়িত্ব পালনের জন্য একজন ম্যাজিস্ট্রেটকে স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

তার ভাষ্য, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য ইউপি চেয়ারম্যানের ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত না থাকায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারাকে চ্যালেঞ্জ করা হয়েছে। তাই চেয়ারম্যান পদে প্রার্থিতার জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার নির্দেশনা চাওয়া হয়েছে।

উল্লেখ্য, এটি কোনো চূড়ান্ত রায় নয়। হাইকোর্ট কেবল রুল জারি করেছেন। রুলের শুনানি শেষে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় আইন সংশোধন না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্নাতক ডিগ্রি বাধ্যতামুলক হচ্ছেনা।

Advertisement