নিজস্ব প্রতিবেদক: আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য ১২০টি নির্বাচনি প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে তালিকায় থাকা ‘নৌকা’ প্রতীকটি স্থগিত রাখা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। পরে তা বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, Representation of the People Order, ১৯৭২-এর Article ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯-এর উপবিধি (১) সংশোধন করা হয়েছে।
সংশোধিত বিধানে বলা হয়েছে, অনুচ্ছেদ ২০-এর দফা (১)-এর অধীন স্থগিত প্রতীক ছাড়া তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে প্রাপ্যতা সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে একটি প্রতীক বরাদ্দ দেওয়া যাবে।
চূড়ান্ত তালিকায় আনারস, আপেল, আম, ঈগল, উট, উদীয়মান সূর্য, একতারা, কবুতর, কম্পিউটার, কলম, কলস, কাস্তে, কাপ-পিরিচ, কাঁচি, কাঁঠাল, ঘোড়া, চশমা, চাকা, চাবি, চেয়ার, ছাতা, জাহাজ, টেলিভিশন, ট্রাক, বই, বাইসাইকেল, বাঘ, রকেট, রিকশা, লাঙল, সিংহ, সূর্যমুখী ফুল, হাতি, হাতুড়ি, হারিকেন, হেলিকপ্টার ও হ্যান্ডশেকসহ বিভিন্ন প্রতীক রয়েছে।
তালিকার ৬৫ নম্বরে থাকা ‘নৌকা’ প্রতীকের পাশে ‘স্থগিত’ উল্লেখ করা হয়েছে। ফলে প্রতীকটি আপাতত প্রার্থীদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে না।

