সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবু বক্কর ওরফে শাহ্ আলম (৪০) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। তিনি উপজেলার ভাটারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার উত্তর ভাটারা এলাকায় শাহ্ আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার শাহ্ আলম উত্তর ভাটারা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, শাহ্ আলমের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর আগে চলতি বছরের ১৯ মার্চ গাঁজাসহ গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে গিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এদিকে একই রাতে জামালপুর সদর উপজেলার দেউরপাড় (চন্দ্রা দিঘীরপাড়) এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ শান্ত ইসলাম (২৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করে ডিবি। তিনি ওই এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-১) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান তালুকদার বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।




