মাদারগঞ্জ প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ঘাসনাশক পান করার ১৯ দিন পর রাফিউল ইসলাম রিফাত (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
নিহত রিফাত উপজেলার গুনারীতলা ইউনিয়নের সিংদহ ফকিরবাড়ি এলাকার জহরুল ফকিরের দ্বিতীয় ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মোটরসাইকেল কেনা এবং বিদেশে যাওয়ার জন্য পরিবারের কাছে ১৫ থেকে ২০ লাখ টাকা দাবি করেছিলেন রিফাত। পরিবার সেই অর্থ দিতে অপারগতা প্রকাশ করলে তিনি বিভিন্ন সময় আত্মহত্যার হুমকি দিতেন।
এরই ধারাবাহিকতায় গত ১৩ জুলাই দুপুরে তিনি আত্মহত্যার উদ্দেশ্যে ঘাসনাশক পান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে চিকিৎসা চলছিল।
অবস্থার আরও অবনতি হলে শনিবার তাকে আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। তবে পথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
রিফাত ২০১৯ সালে স্থানীয় সিংদহ তাহমিনা হাসান আমিনুর রহমান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২১ সালে জামালপুরের একটি বেসরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি বাড়িতেই ছিলেন। গত বছরের ডিসেম্বর মাসে পারিবারিকভাবে তার বিয়ে হয়।
পরিবারের সদস্যদের দাবি, আর্থিক চাহিদা পূরণ না হওয়ায় অভিমান থেকেই তিনি এই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছিলেন।
ঘাসনাশক পান করে ১৯ দিনের লড়াই শেষে মাদারগঞ্জের যুবকের মৃত্যু




