মাদারগঞ্জ প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের গুনারীতলা দিকপাড়া এলাকার সৌদি আরব প্রবাসী মো. রুবেল সর্দার (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ওই এলাকার মোস্তফা সরদারের একমাত্র ছেলে। দীর্ঘ সাত মাস ধরে সৌদি আরবের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রায় দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমান রুবেল সর্দার। সেখানে কর্মরত অবস্থায় প্রায় সাত মাস আগে জ্বরে আক্রান্ত হন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ সাত মাস চিকিৎসা চললেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুবরণ করেন।
রুবেলের অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তিনি স্ত্রী ও চার বছর বয়সী একটি কন্যাসন্তান রেখে গেছেন। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পরিবারটি অনিশ্চয়তার মুখে পড়েছে।
এদিকে রুবেলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়। পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে বলে পরিবার জানিয়েছে।




