মাদারগঞ্জে প্রবীণ ও অবসরপ্রাপ্ত ১০ শিক্ষককে সম্মাননা
বিশ্ব প্রবীণ দিবস ও বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে গুণী প্রবীণ ব্যক্তি ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার মোসলেমাবাদ এলাকার এফ.এম. কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক, লেখক ও সমাজকর্মী জি বি এম রুবেল আহম্মেদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা, সাহিত্য, শিল্প-সংস্কৃতি, ক্রীড়া ও সমাজসেবায় অবদান রাখা মোসলেমাবাদ গ্রামের পাঁচজন প্রবীণ ব্যক্তিত্ব এবং পাঁচজন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা দেওয়া হয়।
গুণী প্রবীণ ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা পান সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জলিল (মরণোত্তর), অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমাজসেবক আসাদুল্লাহীল গালিব, কবি ও লেখক নান্নু পারভেজ, নাট্যকর্মী ও সমাজসেবক মাজহার বাবলু এবং সমাজসেবক এলানুর রহমান।
অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে সম্মাননা পান প্রধান শিক্ষক (অব.) আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক (অব.) আব্দুল হাই বুলু বি-এসসি (মরণোত্তর), শিক্ষক (অব.) রুহুল আমিন টুনু, শিক্ষক (অব.) আফজাল হোসেন খান ও শিক্ষক (অব.) মোছা. রেজিয়া খাতুন।
বিশিষ্ট লেখক ও সহকারী অধ্যাপক কামরুল আহসান সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক, লেখক ও শিক্ষক রকিব লিটন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি ও লেখক মোকছেদুর রহমান বেলাল, আবৃত্তিকার আব্দুল আলিম রঞ্জু, ইসলামাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ভুট্টু এবং চারণ থিয়েটারের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিদ্দিকী লেলিন। ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজুর রহমান লাঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
আয়োজক জি বি এম রুবেল আহম্মেদ বলেন, মফস্বল ও গ্রামের অনেক মানুষ শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা ও মানবকল্যাণে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি দেওয়া প্রয়োজন। এ কারণে প্রতিবছর প্রবীণ দিবস ও শিক্ষক দিবসে এ ধরনের সম্মাননা আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, জি বি এম রুবেল আহম্মেদ এলাকায় একটি উন্মুক্ত গণগ্রন্থাগার, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ‘সাহিত্যরস’ প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি তিনি নিয়মিত সাপ্তাহিক অনলাইন অনুষ্ঠান ‘অন্তর্দৃষ্টির ভাবনা’ পরিচালনা করেন। বটতলার মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা ও উপজেলার গুণী শিক্ষক, লেখক, আবৃত্তিকার, নাট্যকর্মী ও সমাজসেবকদের সাক্ষাৎকার তুলে ধরা হয়।




