আব্দুর রহিম খান।।
মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সিলিং ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজিমুদ্দিন বাবু ফকির (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু ফকির ওই এলাকার জহুরুল ইসলাম ফকিরের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি হলেও মাঝে মধ্যে ইলেকট্রিশিয়ানের কাজও করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে প্রতিবেশী ও তার ফুফা আব্দুর রহিমের বাড়িতে সিলিং ফ্যান মেরামতের কাজ করছিলেন বাবু ফকির। এ সময় অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান বলেন, “হাসপাতালে আনার আগেই বাবু ফকিরের মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।”
১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জগলুল পাশা বলেন, “কোয়ালিকান্দি উত্তরপাড়ার বাবু নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন, তবে মাঝে মধ্যে বিদ্যুতের কাজও করতেন।”
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, “বিষয়টি জেনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”




