আব্দুর রহিম খান, মাদারগঞ্জ প্রতিনিধি ||
“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা এবং পরিবার পরিকল্পনা বিভাগের শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা ও সনদ প্রদান করা হয়।
রোববার (১২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও। সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুস্মিতা দত্ত।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, পরিবার পরিকল্পনা পরিদর্শক এস এম সোহেল রানা, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুমাইয়া ইয়াসমিন এবং পরিবার পরিকল্পনা কল্যাণ সহকারী খালেদা আক্তার।
বক্তারা বলেন, পরিকল্পিত পরিবার গঠন, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, কিশোর-কিশোরীদের সচেতনতা বৃদ্ধি এবং জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন সম্ভব। এ ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধিতে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম আরও জোরদার করার ওপর তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ কর্মীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।




