মাদারগঞ্জে আগুনে পুড়ে ৪ গরুর মৃত্যু, দিশেহারা কৃষক
গোয়ালঘরে আগুন লেগে পুড়ে মারা গেছে চারটি গরু। এর মধ্যে দুটি ছিল অস্ট্রেলিয়ান জাতের গাভী। আগুনে আরও দুটি গরু ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে আহত হয়েছে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন কৃষক নদর আলী।
রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের সিংদহ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে গরুগুলো গোয়ালঘরে তুলে খাবার দিয়ে যথারীতি ঘুমিয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে মধ্যরাতে গোয়ালঘরে আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ভেতরে থাকা চারটি গরু পুড়ে মারা যায়। এ সময় দুটি বকনা গরুকে জীবিত অবস্থায় বের করে আনা হয়। আগুনে সেগুলো ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে যায়। পরে প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসায় বর্তমানে গরু দুটি জীবিত রয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক নদর আলী বলেন, ‘আমি গরু-ছাগল পালন করেই সংসার চালাই। রাতে গরুগুলো গোয়ালঘরে তুলে খাবার দিয়ে দেখে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মধ্যরাতে আগুন লাগে। দুটি অস্ট্রেলিয়ান গাভীসহ চারটি গরু পুড়ে মারা গেছে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। সরকারি সহযোগিতা পেলে এই ক্ষতি কাটিয়ে উঠতে পারব।’
মাদারগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. আল-আমিন বলেন, ‘সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হলে আমরা প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে ঘটনাস্থলে যাই। আগুনে দুটি গরু ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে। তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। ভবিষ্যতে গরু-ছাগল বিতরণের কোনো প্রকল্প এলে তাদের সুবিধার আওতায় নেওয়ার চেষ্টা করা হবে।’
অগ্নিকাণ্ডে চারটি গরু হারিয়ে নদর আলী ও তাঁর পরিবার আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তিনি।
