জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে সুখনগরী মধ্যপাড়া অপ্রধান শস্য দলের ২২ সদস্যের মধ্যে ঋণ সহায়তা ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা বিআরডিবি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ২২ সদস্যের মধ্যে মোট ৮ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা ঋণ সহায়তা বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরে বিতরণ করা ঋণের আদায়কৃত সেবামূল্য থেকে ম্যানেজার কমিশন প্রদান করা হয়।
এ ছাড়া সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঋণগ্রহীতা ২২ সদস্যের প্রত্যেককে একটি করে মোট ২২টি পেয়ারা চারা দেওয়া হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনসহ বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঋণ সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে সদস্যদের আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হতে হবে। এতে তারা ধীরে ধীরে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিতরণ করা পেয়ারা চারাগুলো নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তারা।




