মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গাবেরগ্রামের ঝালুপাড়া এলাকায় অপু বর্মন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত অপু বর্মন উপজেলার গাবেরগ্রামের ঝালুপাড়া এলাকার সুবারন বর্মনের ছেলে। তিনি মাদারগঞ্জের বালিজুড়ী বাজারে নরসুন্দর হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, অপু বর্মন স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় মাদারগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা ২টার দিকে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




