জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।
সভায় বক্তব্য দেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়, মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার শাহ আলম, উপজেলা পূজা উদ্যাপন ফোরামের সভাপতি লিটন চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র চৌধুরী।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, গণমাধ্যমকর্মী এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এবার মাদারগঞ্জ উপজেলায় ২৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং প্রতিমা বিসর্জনের সময় শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদ্যাপনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিদেরও সতর্ক থাকতে হবে।
মাদারগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা




