Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:32 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে জুয়ার আসর থেকে নিষিদ্ধ আ’লীগ সভাপতি ও ইউপি সদস্যসহ গ্রেফতার ৪

মাদারগঞ্জে জুয়ার আসর থেকে নিষিদ্ধ আ’লীগ সভাপতি ও ইউপি সদস্যসহ গ্রেফতার ৪

জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জোড়খালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য হামিদুর রহমান (৪০)সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার অন্যরা হলেন চর জোড়খালী গ্রামের মৃত আব্দুল মালেক মন্ডলের ছেলে মো. হাসিজল (৩৮), সোহরাব শেখের ছেলে মো. হাফিজুর (২৮) এবং মৃত রওন আলী শেখের ছেলে মো. নায়েব আলী (নাতু) (৫০)।

Advertisement

পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১টা ৪০ মিনিটের দিকে মাদারগঞ্জ উপজেলার ৫ নং জোড়খালী ইউনিয়নের চর জোড়খালী এলাকায় নায়েব আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় জুয়ার আসর থেকে চারজনকে গ্রেফতার করা হয়। অভিযানে জুয়া খেলার এক বান্ডেল তাস, নগদ ২ হাজার ৭ টাকা ও ফোমের প্লাস্টিকের ছেঁড়া অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম বাদী হয়ে জুয়া প্রতিরোধ আইনের ২০২৬ সালের ১৫/১৮ ধারায় মামলা করেছেন।

পুলিশ আরও জানায়, গ্রেফতার হামিদুর রহমান ও হাসিজলকে নাশকতার অভিযোগে করা পৃথক মামলাতেও গ্রেফতার দেখানো হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশীষ রায় মঙ্গলবার দুপুর ২টার দিকে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি নাশকতার অভিযোগ থাকায় হামিদুর রহমান ও হাসিজলকে ওই মামলাতেও গ্রেফতার দেখানো হয়েছে।

ওসি আরও বলেন, নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে মাদারগঞ্জের বিভিন্ন এলাকায় রাত্রীকালীন টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

Advertisement