Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:32 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাবা আটক

মাদারগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাবা আটক

জামালপুরের মাদারগঞ্জে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরী বাদী হয়ে তার বাবা ও মাকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগে উপজেলার সিধুলী ইউনিয়নের বীর লোটাবর এলাকার মো. মুর্শেদ (৪৪) ও তার স্ত্রী মোছা. ফুলেরা বেগমের (৪১) নাম উল্লেখ করা হয়েছে।

Advertisement

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে অভিযোগের ভিত্তিতে কিশোরীর বাবা মুর্শেদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

থানায় দেওয়া অভিযোগে কিশোরী দাবি করেছে, দীর্ঘদিন ধরে তার বাবা তাকে বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসছিলেন। বিষয়টি মাকে জানালে তিনি বাবার পক্ষ নিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে চুপ থাকার চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে কিশোরী নিজ কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় তার বাবা সেখানে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে মা ঘটনাস্থলে এসে তাকে মারধর করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া কিশোরীর গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও একটি স্বর্ণের আংটি তার মা নিয়ে নেন বলেও অভিযোগ করা হয়েছে। বিষয়টি তার চাচা আব্দুল মজিদকে জানানো হলেও তিনি গুরুত্ব দেননি বলে অভিযোগকারীর দাবি।

এদিকে, অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা তৈরি হয়েছে। ঘটনার সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, “মেয়ের অভিযোগের ভিত্তিতে তার বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Advertisement