স্টাফ রিপোর্টার
জামালপুরের মেলান্দহে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির প্রস্তুতিকালে চুরির সরঞ্জাম, মোটরসাইকেল ও টর্চলাইটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও চার থেকে পাঁচজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ৫ নম্বর নয়ানগর ইউনিয়নের উত্তর মেঘারবাড়ী জামে মসজিদ এলাকার সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হাজরাবাড়ী ফকিরপাড়া এলাকার জাহিদুল ইসলাম আল আমিন (২৭) ও জামালপুর সদর উপজেলার ধোপাকুড়ি এলাকার দেলোয়ার ফারুক (৩৫)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, একটি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে পুলিশের একটি দল রাতে এলাকায় টহল দিচ্ছিল। এ সময় উত্তর মেঘারবাড়ী এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যান।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি সবুজ প্লাস্টিকের পাইপ, লোহার পেরেকযুক্ত সরঞ্জাম, দুটি লোহার রডের টুকরা, প্লাস, সেলাই রেঞ্চ, ঢাল রেঞ্চ, অতিরিক্ত ব্যাটারিসহ টর্চলাইট ও একটি পুরোনো মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন মোটরসাইকেলটি দেলোয়ার ফারুকের বলে জানান। অজ্ঞাতনামা কয়েকজনের সঙ্গে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা করতে ঘটনাস্থলে অবস্থানের কথাও তারা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মেলান্দহ থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারের সময় ধস্তাধস্তিতে কয়েকজন পুলিশ সদস্য সামান্য আহত হন। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।




