আব্দুর রহিম খান,
মাদারগঞ্জ প্রতিনিধি ||
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পশ্চিম তারতাপাড়া এলাকার জামাই বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে রফিকুল ইসলাম (বালিস্টর) নামে এক ব্যবসায়ীর গোডাউনে বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখা ৯৩টি বস্তা থেকে মোট ৮৬২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৮৬ হাজার টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জামাই বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে এসব নিষিদ্ধ জালের বেচাকেনা চলছিল। এসব জাল ব্যবহার করে নদ-নদী, খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে নির্বিচারে ছোট-বড় মাছ এবং মাছের পোনা আহরণ করা হচ্ছিল। ফলে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য ও প্রাকৃতিক মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়েছে।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, “মৎস্যসম্পদ রক্ষা এবং দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জাল বিক্রি, মজুত কিংবা ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজকের অভিযানে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। বিধি মোতাবেক এসব জাল ধ্বংস করা হবে।”




