Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:43 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে কিশোর নিহত

মাদারগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে কিশোর নিহত

জামালপুরের মাদারগঞ্জে মোটরসাইকেল ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ওমর সানি (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

Advertisement

নিহত ওমর সানি গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার সবুজ মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই মাস আগে প্রেমের সম্পর্কের জেরে ময়মনসিংহে বিয়ে করেন সানি। সোমবার দুপুরে স্ত্রীকে ময়মনসিংহে রেখে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

হাওয়াই ব্রিজ এলাকায় দ্রুতগতিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দুটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

জামালপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা. শামীম ইফতেখার বলেন, হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে সানিকে মৃত ঘোষণা করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement