জামালপুরের বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন ক্ষতিগ্রস্ত ৮ জন ব্যবসায়ীর প্রত্যেকের হাতে ৭ হাজার ৫০০ টাকার সহায়তার চেক তুলে দেন।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, অনুপ কুমার সেনসহ স্থানীয় ব্যবসায়ীরা।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট রাতে বকশীগঞ্জ পৌর শহরের বড় মসজিদের পেছনের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মার্কেটের ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, ওই অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে জেলা প্রশাসনের এই আর্থিক সহায়তা কিছুটা হলেও তাদের ক্ষতি কাটিয়ে উঠতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
