আব্দুর রহিম খান
মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরনাংলা গ্রামে রহস্যজনকভাবে একই পরিবারের পাঁচ সদস্য অচেতন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ৪ নম্বর বালিজুড়ী ইউনিয়নের চরনাংলা এলাকায় এ ঘটনা ঘটে। তাদের অচেতন হওয়ার কারণ নিশ্চিত হওয়া না গেলেও চিকিৎসকরা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।
অচেতনরা হলেন প্রবাসী শাহ আলমের স্ত্রী রিনা আক্তার (৪০), বড় ছেলে রিপন ইসলাম (২৩), ছোট ছেলে রিমন (১৭), মেয়ে সাথী আক্তার এবং তিন বছর বয়সী নাতনি হুমাইরা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী শাহ আলমের বড় ছেলে রিপন ইসলামের বাঁধের মাথা বাজারে একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলেও তিনি দোকান খোলেননি। সন্ধ্যা পর্যন্ত দোকান বন্ধ দেখে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের সন্দেহ হয়। পরে কয়েকজন বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। সবাইকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে রাত ৮টার দিকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন রিনা আক্তার জানান, সকালে পরিবারের সবাই একসঙ্গে খাবার খেয়েছিলেন। কিছুক্ষণ পর থেকেই তাদের মাথাব্যথা ও প্রচণ্ড ঘুম অনুভূত হতে থাকে। এরপর সবাই ঘুমিয়ে পড়েন। এরপর কী ঘটেছে, তা তাদের কারও মনে নেই।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. জাকিয়া ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা যে খাবার বা পানি গ্রহণ করেছেন, তাতে কোনো ধরনের ক্ষতিকর উপাদান থাকতে পারে। তবে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ের চেষ্টা চলছে। বর্তমানে সবাই চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে।




