Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:32 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে তরুণীর মরদেহ উদ্ধার

মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে তরুণীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি সেচ পাম্পের ঘর থেকে রূপসী আক্তার (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পূর্ব চরপাকেরদহ বইশাগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত রূপসী আক্তার একই ইউনিয়নের পূর্ব চরপাকেরদহ ঘোনাপাড়া এলাকার সাইরউদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কিছু কাপড়চোপড় নিয়ে বাড়ি থেকে বের হন রূপসী। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে এক কৃষক জমিতে সার ও কীটনাশক দিতে গিয়ে সেচ পাম্পের ঘরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা জানান, প্রায় দুই বছর ধরে স্থানীয় এক রাজমিস্ত্রির সঙ্গে রূপসীর প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে সমাধানের চেষ্টাও করা হয়েছিল।

মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা ও মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি স্নেহাশীষ রায় জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement