জামালপুরের মাদারগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম ঝিকুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার চর বউলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আশরাফুল ইসলাম ঝিকু পৌর এলাকার চর বউলা গ্রামের লাভলু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চর বউলা এলাকায় অভিযান চালায় মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় আশরাফুল ইসলাম ঝিকুকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ আশরাফুল ইসলাম ঝিকুকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে জামালপুরের আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




