Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:32 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা সভা, ২৮ মণ্ডপে নিরাপত্তা জোরদার

মাদারগঞ্জে দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা সভা, ২৮ মণ্ডপে নিরাপত্তা জোরদার

জামালপুরের মাদারগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় মাদারগঞ্জ মডেল থানায় এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভুঞা। মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিষ রায় সভায় বক্তব্য দেন।

Advertisement

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারগঞ্জ পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র সরকার, পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি লিটন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক দিলিপ কুমার বর্মণ ও সাবেক আহ্বায়ক রাখাল চন্দ্র।

সভায় বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে পূজাকে কেন্দ্র করে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে কোনো ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টরা জানান, মাদারগঞ্জ উপজেলায় এবারের দুর্গাপূজায় ২৮টি পূজামণ্ডপে সিসি ক্যামেরাসহ পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রাখা হবে। পূজার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন এবং প্রয়োজন অনুযায়ী নজরদারি বাড়ানো হবে।

পূজা উদ্‌যাপন কমিটির নেতারা শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করতে প্রশাসন ও পুলিশের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি পূজামণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয়দের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার ওপর গুরুত্ব দেন তারা।

সভায় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। যেকোনো সমস্যা বা অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা দেখা দিলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়।

সংশ্লিষ্টদের আশা, প্রশাসন, পুলিশ, পূজা উদ্‌যাপন কমিটি ও স্থানীয়দের সমন্বিত সহযোগিতায় মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

Advertisement