Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:14 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে ডোবার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

মাদারগঞ্জে ডোবার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

আব্দুর রহিম খান, মাদারগঞ্জ প্রতিনিধি ।।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের কলাদহ গ্রামে ডোবার পানিতে ডুবে মাসুদ আকন্দ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত মাসুদ আকন্দ ওই গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান মাসুদ আকন্দ। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে স্বজনরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার ভাতিজি বাড়ির পাশের একটি ডোবায় মরদেহ ভাসতে দেখতে পান। পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে মরদেহ উদ্ধার করেন।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি মাদারগঞ্জ মডেল থানাকে জানানো হয়।

গুনারীতলা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল ইসলাম সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাসুদ আকন্দ আমার চাচাতো ভাই। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত বাড়ির পাশের ডোবায় পড়ে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।”

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, “বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের মতে, মানসিকভাবে অসুস্থ ব্যক্তি ও বয়স্ক সদস্যদের প্রতি পরিবারের সার্বক্ষণিক নজরদারি থাকলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব।

Advertisement