মাদারগঞ্জ প্রতিনিধি:
৫ আগষ্ট ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে বর্ণাঢ্য আনন্দ-বিজয় মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দিনটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একটি ঐতিহাসিক মাইলফলক। এ আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বাবুল খান এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ আব্দুল গফুর। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মান্নান চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সোহেল তালুকদারসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানের বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ-বিজয় মিছিল উপজেলা মাল্টিপারপাস হলরুম প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শত শত নেতাকর্মী জাতীয় ও দলীয় পতাকা হাতে মিছিলে অংশ নেন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচি শেষে নেতারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে গণতন্ত্র, আইনের শাসন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।




