Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:32 pm
বকশীগঞ্জ

বকশীগঞ্জে জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা

বকশীগঞ্জে জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা

মোহাম্মদ গোলাম মোস্তাফা।।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন।

Advertisement

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে উপজেলা সরকারি গণগ্রন্থাগারে আলোচনা সভা, সংবর্ধনা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, আহত জুলাই যোদ্ধা ওয়ালিউল হাসান রাজুর বাবা ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রাজ্জাক মাহমুদ, আহত জুলাই যোদ্ধা শহিদুল ইসলাম সানী এবং জুলাই যোদ্ধা শাহরিয়ার আহমেদ সুমন।

এ সময় শহিদ রিপন ও শহিদ ফজলুল করিম-এর পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা জুলাইয়ের চেতনা ধারণ, গণতান্ত্রিক মূল্যবোধ সুদৃঢ় করা, শহিদ ও আহতদের অবদান যথাযথভাবে মূল্যায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবার, আহত জুলাই যোদ্ধা ও জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে তাঁদের প্রতি রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি জানানো হয়।

Advertisement