জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৩ নং গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকার আজিজের মোড়ে মাদারগঞ্জ-কালিবাড়ী প্রধান সড়কের ভাঙা অংশ দ্রুত মেরামত করে দিয়েছেন গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সড়কটির ঝুঁকিপূর্ণ অংশে মেরামতের কাজ করা হয়।
স্থানীয়রা জানান, মাদারগঞ্জ-কালিবাড়ী প্রধান সড়কের ওই অংশটি ভেঙে যাওয়ায় প্রতিদিন চলাচলকারী যানবাহন ও পথচারীদের ঝুঁকি তৈরি হয়েছিল। ব্যস্ত সড়কের ওপর বড় ধরনের গর্ত থাকায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছিলেন স্থানীয়রা। বিষয়টি জানতে পেরে ইঞ্জিনিয়ার লিপসন মিয়া দ্রুত সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের উদ্যোগ নেন।
মেরামতের সময় উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রহমতুল্লাহ, ৩ নং গুনারীতলা ইউনিয়ন জামায়াতের সভাপতি আনোয়ার মেলেটারীসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার লিপসন মিয়া বলেন, মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ এই সড়কের ভাঙা অংশটি দুর্ঘটনার কারণ হতে পারে। তাই মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার মানুষের প্রয়োজনের সময় পাশে থাকার চেষ্টা করবেন বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্যোগ নিয়ে সড়কের ঝুঁকিপূর্ণ অংশ মেরামত করায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশগুলো নিয়মিত নজরদারি ও স্থায়ীভাবে সংস্কারের দাবি জানান তারা।




