জামালপুর রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে আউটার এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল মালেক ওরফে ফজল (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশের আউটার এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক ওরফে ফজল জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বয়রা গ্রামের বাসিন্দা।
জামালপুর রেলওয়ে থানা সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি হৃদরোগে আক্রান্ত ছিলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিতে তিনি ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে জামালপুর রেলওয়ে স্টেশনে আসেন। ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।পরে তার সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




