স্টাফ রিপোর্টার: জামালপুর শহরের ভাড়া বাসায় ইশরাত জাহান মিমি নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত মো. কাউসার আহমেদ খানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই জানিয়েছে, অনৈতিক সম্পর্ক, ব্ল্যাকমেইল ও টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।
গত ২৩ আগস্ট সকাল ১০টার দিকে জামালপুর সদর থানার পশ্চিম নয়াপাড়া রেলগেট সংলগ্ন একটি ভবনের পঞ্চম তলার কক্ষ থেকে মিমির মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ২৪ আগস্ট নিহতের মা মুক্তা বেগম বাদী হয়ে কাউসারসহ অজ্ঞাত আরও তিনজনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরে পিবিআই জামালপুর জেলা ইউনিট স্ব-উদ্যোগে মামলাটির তদন্তভার গ্রহণ করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই দিন বিকেলেই শহরের বাগেরহাটা এলাকা থেকে কাউসারকে গ্রেপ্তার করা হয়।
পিবিআই ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৪ সালে মিমির বিয়ে হয়। ২০২১ সালে তার স্বামী মারা যাওয়ার পর তিনি দুই সন্তান নিয়ে জামালপুর শহরে বসবাস করছিলেন। প্রায় তিন বছর আগে কাউসারের মুদি দোকানে কেনাকাটার সূত্রে তাদের পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়।
তদন্তে পিবিআই জানতে পারে, মিমি বিভিন্নভাবে কাউসারকে ব্ল্যাকমেইল করে টাকা নিতেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন টাকা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে মিমি কাউসারের স্ত্রীকে ফোন করে তাদের সম্পর্কের কথা জানিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ধস্তাধস্তির একপর্যায়ে কাউসার মিমিকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান বলে পিবিআই জানিয়েছে।
পিবিআই জামালপুর জেলার পুলিশ সুপার পংকজ দত্ত জানান, আসামির স্বীকারোক্তি ও পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হয়েছে। ঘটনার পেছনে অন্য কারও ইন্ধন ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিলের প্রক্রিয়া চলছে।




