জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর বাজারে মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার অভিযোগে শামীম এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) শ্যামপুর বাজারে পরিচালিত অভিযানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার বিষয়টি ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহমিদা ফারজানা সেতু, উপসহকারী কৃষি কর্মকর্তা বিশ্বজিৎসহ সংশ্লিষ্টরা।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ জানান, কৃষি উপকরণ বিক্রিতে সরকারি নিয়ম-নীতি মেনে চলতে হবে। মেয়াদোত্তীর্ণ বা অননুমোদিত কীটনাশক বিক্রি কিংবা সংরক্ষণ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।




