জামালপুরের বকশীগঞ্জে আল-আবরার হজ কাফেলার উদ্যোগে পবিত্র ওমরাহ পালনে আগ্রহী হাজীদের প্রশিক্ষণ ও হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাট্টাজোড় নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা মো. গোলাম মোস্তফা।
এ সময় পবিত্র ওমরাহ পালনের নিয়ম-কানুন, ইহরামের বিধান, তাওয়াফ, সায়ি, মক্কা-মদিনায় অবস্থানকালীন করণীয় ও বর্জনীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাজীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, হাফেজ মাওলানা সারোয়ার আলম জানকিপুরী, হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, পবিত্র ওমরাহ শুধু একটি ধর্মীয় সফর নয়; এটি মহান আল্লাহর নৈকট্য লাভের এক অপূর্ব সুযোগ। তাই সঠিক নিয়ম-কানুন জেনে, ইবাদতের প্রতি সর্বোচ্চ মনোযোগী হয়ে ওমরাহ পালন করা প্রত্যেক হাজীর দায়িত্ব।
এ সময় আল-আবরার হজ কাফেলার পক্ষ থেকে ওমরাহ যাত্রীদের সার্বিক সহযোগিতা ও সুষ্ঠুভাবে পবিত্র সফর সম্পন্ন করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে ওমরাহ যাত্রী, আলেম-ওলামা ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
