জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৩ নং গুনারীতলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বালাভরট এলাকায় ভাঙাচোরা রাস্তা মেরামত করে দিয়েছেন গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়দের দুর্ভোগের কথা বিবেচনা করে নিজ উদ্যোগে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক ও ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রহমতুল্লাহ, ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মুমিনুর রহমান চঞ্চলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা জানান, বালাভরট এলাকার রাস্তাটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় ছিল। ফলে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বৃষ্টির সময় দুর্ভোগ আরও বেড়ে যায়।
ইঞ্জিনিয়ার লিপসন মিয়া বলেন, “এলাকার মানুষের চলাচলের সমস্যা দেখে রাস্তাটি মেরামতের উদ্যোগ নিয়েছি। জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করে যেতে চাই।”
স্থানীয়রা রাস্তাটি মেরামতের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এর স্থায়ী সংস্কারের দাবি জানান।




