Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:04 pm
মাদারগঞ্জ

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে মিলল মাদারগঞ্জের যুবকের অর্ধগলিত মরদেহ, স্বজনদের আহাজারি

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে মিলল মাদারগঞ্জের যুবকের অর্ধগলিত মরদেহ, স্বজনদের আহাজারি

মাদারগঞ্জ প্রতিনিধি:

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর শুক্রবার সকালে তার বাড়িতে মৃত্যুর সংবাদ পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

Advertisement

নিহত মিরান (২১) মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরপাকেরদহ পূর্বপাড়া (বৈশাগাড়ী) গ্রামের বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। পাশাপাশি নারিকেল গাছ পরিষ্কারের কাজও করতেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন আগে দেওয়ানগঞ্জে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন মিরান। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। এ সময় থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগও করা হয়নি।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর আসে যে ব্রহ্মপুত্র নদে একটি মরদেহ ভাসছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পরে নিহতের মা ও স্বজনরা সেখানে গিয়ে প্রথমে মরদেহ শনাক্ত করতে না পারলেও পরনের প্যান্ট দেখে সেটি মিরানের মরদেহ বলে নিশ্চিত হন।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি জামালপুর দিক থেকে নদীর স্রোতে ভেসে এসেছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিষ রায় বলেন, “সংবাদ পাওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। নিহতের স্ত্রী ও মা ময়মনসিংহে গিয়ে মরদেহ শনাক্ত করেছেন। জানতে পেরেছি, যুবকটি প্রায় ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন। তবে এ বিষয়ে আমাদের থানায় কোনো অভিযোগ বা জিডি করা হয়নি।”

শুক্রবার সকাল ৯টার দিকে নিহতের বাড়িতে মৃত্যুর খবর পৌঁছালে পরিবারের সদস্যদের কান্নায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। প্রতিবেশীরাও শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে ভিড় করেন।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Advertisement