Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:57 pm
জামালপুর

শহীদ সদ্যের শোকাহত মায়ের কোলে জন্ম নিল তিন সন্তান, কবর জিয়ারত করলেন যুবদল নেতা

শহীদ সদ্যের শোকাহত মায়ের কোলে জন্ম নিল তিন সন্তান, কবর জিয়ারত করলেন যুবদল নেতা

হৃদয় আহম্মেদ শাওন, স্টাফ রিপোর্টের:

২০২৪ সালের ৫ আগস্ট মাত্র ১৫ বছর বয়সে প্রাণ হারিয়েছিল জামালপুরের সর্বকনিষ্ঠ শহীদ সাফওয়ান আখতার সদ্য। সন্তানকে হারিয়ে দিশেহারা পরিবারটি দীর্ঘ এক বছর পর নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। শোকাহত সেই মায়ের কোলজুড়ে একসঙ্গে জন্ম নিয়েছে তিন সন্তান, যার মধ্যে দুজন মেয়ে ও একজন ছেলে।

Advertisement

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব ও পৌরসভার মেয়র প্রার্থী সোহেল রানা খান জামালপুরের সবচেয়ে কম বয়সী শহীদ সাফওয়ান আখতার সদ্য ও শহীদ মো. সুমন হাসানের কবর জিয়ারত করেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং স্বজনদের খোঁজখবর নেন।

কবর জিয়ারতকালে আবেগাপ্লুত হয়ে শহীদ সাফওয়ানের চাচা মো. ওমলউদ্দীন বলেন, “২০২৪ সালে আমার ভাতিজা শহীদ হওয়ার পর প্রথম দিকে অনেকেই আমাদের খোঁজখবর নিয়েছে। কিন্তু গত এক বছরে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী কবর জিয়ারত করতে বা আমাদের খোঁজ নিতে আসেনি। আজ যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান নিজে এসে কবর জিয়ারত করলেন, আমাদের খোঁজখবর নিলেন। এতে আমরা সত্যিই কৃতজ্ঞ। আমরা কোনো কিছু চাই না, শুধু শহীদদের প্রতি সম্মানটুকু চাই।”

তিনি আরও বলেন, “সদ্যের বাবা আখতারুজ্জামান লিটন প্রতিদিন ছেলের কবরের পাশে এসে কান্নাকাটি করতেন। ছেলেকে হারানোর সেই কষ্ট কোনোদিন ভোলার নয়। আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করেছি। মহান আল্লাহর অশেষ রহমতে কিছুদিন আগে সদ্যের মায়ের গর্ভে একসঙ্গে তিন সন্তান জন্ম নিয়েছে। দুই মেয়ে ও একটি ছেলে এসেছে আমাদের পরিবারে। সন্তানগুলোকে ঘিরে আবারও নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি।”

এ সময় সোহেল রানা খান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। শহীদ পরিবারগুলোর পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা শুধু আজ নয়, ভবিষ্যতেও তাদের পাশে থাকার চেষ্টা করবো। আল্লাহ যেন শহীদদের জান্নাতুল ফেরদৌস দান করেন।”

পরে শহীদ সাফওয়ান আখতার সদ্য ও মো. সুমন হাসানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Advertisement