Skip to content
প্রকাশ- November 2, 2026 , 21:01 pm
জামালপুর

জুলাই শহীদদের স্মরণে কান্নায় ভেঙে পড়লেন যুবদল নেতা

জুলাই শহীদদের স্মরণে কান্নায় ভেঙে পড়লেন যুবদল নেতা

হৃদয় আহমেদ শাওন, জামালপুর প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জামালপুরে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান।

Advertisement

বুধবার (৫ আগস্ট) এশার নামাজের পর জামালপুর জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে তিন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান আবেগঘন কণ্ঠে বলেন, “আজ আমরা যে স্বাধীনভাবে কথা বলতে পারছি, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি, তার পেছনে রয়েছে জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ। তারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন বলেই আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। তাদের রক্তের ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়।”

বক্তব্যের একপর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। উপস্থিত নেতাকর্মীরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

সোহেল রানা খান আরও বলেন, “একটি মায়ের বুক খালি হয়েছে, একটি পরিবার তাদের প্রিয় মানুষকে হারিয়েছে। সেই ত্যাগকে কখনো ভুলে যাওয়ার সুযোগ নেই। শহীদদের স্বপ্ন ছিল একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ। তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।”

তিনি বলেন, “জুলাইয়ের শহীদরা শুধু একটি আন্দোলনের অংশ নন, তারা জাতির ইতিহাসের গর্বিত অধ্যায়। আমরা তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তাদের আদর্শ বুকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করি।”

অনুষ্ঠান শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Advertisement